ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে মেক্সিকো ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রির পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। যদিও পরবর্তী সময়ে ওই পরিকল্পনা বাতিল করা হয়, তবু সমালোচনা থেমে যায়নি এবং ফিফা সভাপতি পদে তাঁর ওপর আস্থা হারানোর কথাও শোনা গেছে। এমন পরিস্থিতিতে ইনফান্তিনোকে সরিয়ে দেওয়ার যেকোনো উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর্জেন্টিনা ও মেক্সিকোর ফুটবল ফেডারেশন।

মেক্সিকোর ফুটবল ফেডারেশন (এফএমএফ) জানায়, নিজেদের আঞ্চলিক সংস্থা কনক্যাকাফের অবস্থান থেকে সরে এসে তারা ইনফান্তিনোর প্রতি সমর্থন দিচ্ছে। এর আগে কনক্যাকাফ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ‘ব্যাপক জবাবদিহি’ দাবি করেছিল।

বিবৃতিতে এফএমএফ জানায়, ফিফার ২১১ সদস্যদেশের ভোট ছাড়া অন্য কোনো প্রক্রিয়াকে তারা স্বীকৃতি দেবে না। একই সঙ্গে ইনফান্তিনোর আহ্বানে সাড়া দিয়ে সদস্যদেশগুলোর স্বার্থে ফুটবলের উন্নয়নে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেয় তারা। বিবৃতিতে বলা হয়, ‘প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার মাধ্যমে বিশ্ব ফুটবলের উন্নয়নে প্রেসিডেন্ট ইনফান্তিনোর নেতৃত্বকে সমর্থন করছে এফএমএফ।’

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ইনফান্তিনোর কাছে পাঠানো এক চিঠিতে গত এক দশকে ফিফার কার্যক্রমের প্রশংসা করেছে। তাদের মতে, এ সময়ে ফিফা বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন এবং স্বচ্ছ ও স্থিতিশীল প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে কাজ করেছে। তবে এএফএ এটাও স্বীকার করেছে, বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাবটি অনিশ্চয়তা তৈরি করেছে এবং এ ক্ষেত্রে ভুলও হয়েছে। তবু তাদের মতে, আগামী মার্চে মরক্কোয় অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা কংগ্রেস পর্যন্ত বর্তমান নেতৃত্বের অধীনেই কাজ চালিয়ে যাওয়া উচিত।

এর আগে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল এক বিবৃতিতে জানিয়েছিল, ফিফার ২১১ সদস্য দেশের ভোট ছাড়া ইনফান্তিনোকে সরানোর কোনো উদ্যোগ তারা সমর্থন করবে না। একই সঙ্গে সংস্থাটি সংলাপ ছাড়াই একতরফা সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আফ্রিকার ফুটবল সংস্থা (সিএএফ) সর্বসম্মতিক্রমে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছে। তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাদের আগের অবস্থানেই অনড়। তারা জানিয়েছে, ফিফার বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত বহাল থাকবে। এদিকে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত বৈঠকের পর সদস্যদেশগুলোর কাছে বিতর্কিত প্রস্তাবের জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে ফিফা এবং পুরো বিতর্কের পেছনে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পর্যালোচনার প্রতিশ্রুতিও দিয়েছে।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব ঘিরে তৈরি হওয়া সংকট আগামী মার্চে মরক্কোয় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচনের প্রচেষ্টাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। তবে এখনো তাঁর বিপক্ষে আনুষ্ঠানিকভাবে কোনো শক্তিশালী প্রার্থী সামনে আসেননি।

এদিকে ইংল্যান্ড ও আলবেনিয়ার পর ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনও। এক বিবৃতিতে তারা জানায়, ২০২৬ বিশ্বকাপ-সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলি এবং নিজেদের অভ্যন্তরীণ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোও ইনফান্তিনোর কড়া সমালোচনা করেছে। তাদের মতে, বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব শুধু প্রশাসনিক ব্যর্থতাই নয়, এটি ছিল ‘সভাপতির ক্ষমতার গভীর অপব্যবহার’।

তবে ফিফার দাবি, বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাবের ক্ষেত্রে তাদের সব পদক্ষেপ সংস্থার নিয়ম মেনেই নেওয়া হয়েছিল। তাদের ভাষ্য, ভুল হয়েছে মূলত প্রক্রিয়া ও যোগাযোগে, প্রশাসনিক নীতিমালা লঙ্ঘনের ক্ষেত্রে নয়।