রাজধানীর বনানী এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের একটি ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় সাতজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এই অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতদের মধ্যে মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং চারজন শিশু রয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে বনানী থানার পুলিশ খবর পায় যে, সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে ঝটিকা মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছে। এই তথ্যের ভিত্তিতে বনানী থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় সাতজনকে আটক করা হলেও দলের বাকি সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ আরও জানিয়েছে, আটক সাতজন এবং এই ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।