নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের পূর্ণ সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। টুর্নামেন্টের গ্রুপ বিন্যাসে আবারও একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী ২৮ আগস্ট থেকে দুবাইয়ে এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।
আট দলের এই প্রতিযোগিতায় গ্রুপ ‘এ’-তে ভারত ও পাকিস্তানের পাশাপাশি রয়েছে থাইল্যান্ড ও হংকং। অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।
টুর্নামেন্টের পর্দা উঠবে ২৮ আগস্ট হংকং ও থাইল্যান্ডের মধ্যকার লড়াই দিয়ে। ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু ভারত ও পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর। টুর্নামেন্টের সবকটি ম্যাচই ফ্লাডলাইটের আলোয় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে, যা বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টা।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বের প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ দল। আর ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল।
টি-টোয়েন্টি ফরম্যাটে নারীদের এশিয়া কাপের এটি ষষ্ঠ আসর। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এর আগে ২০১৮ সালে শিরোপা জিতেছিল বাংলাদেশ এবং ২০১২, ২০১৬ ও ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
গ্রুপ বিন্যাস:
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং
গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া
বাংলাদেশের ম্যাচের সূচি (বাংলাদেশ সময় রাত ৯:৩০ মি.):
৩১ আগস্ট: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া
৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত