নরসিংদীর সদর উপজেলায় প্রকাশ্যে কুপিয়ে সুমন মিয়া নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুমন মিয়া (৩০) ওই এলাকার বাখরনগর গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজারে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন মিয়া বাখরনগর বাজারে গেলে ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার গতিরোধ করে। এরপর তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন স্বজনরা, তবে তারা নির্দিষ্ট কারও নাম বা ঠিকানা প্রকাশ করেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালী ইউনিয়নে দুটি স্থানীয় গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। সম্প্রতি বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হলেও ধারণা করা হচ্ছে, সেই পুরনো রেষারেষির জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনা প্রসঙ্গে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান জানান, "নিজেদের মধ্যে স্থানীয় বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জেনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।"