রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন ভিনিসিয়ুস জুনিয়র। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্প্যানিশ ক্লাবটি।

বুধবার ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে তার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে রিয়াল। সেখানে ক্লাবের প্রকল্পে ২৬ বছর বয়সী তারকার গুরুত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত আর্থিক প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ভিনিসিয়ুস।

বর্তমান চুক্তির শেষ বছরে প্রবেশ করা ভিনিসিয়ুসের সামনে তিনটি পথ ছিল। রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন, আগামী মৌসুম শেষে মুক্ত খেলোয়াড় হিসেবে ক্লাব ছাড়া অথবা আর্সেনালে যোগ দেওয়া। তবে শেষ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

🚨 Real Madrid reach agreement with Vinicius Junior to sign new contract. #RMFC raised offer after 18 months of talks failed to produce breakthrough & now set to confirm extension. 26yo was open to #AFC move if no renewal. W/ @MarioCortegana @TheAthleticFC https://t.co/6zqrozWyEk — David Ornstein (@David_Ornstein) August 6, 2026

🚨 Real Madrid reach agreement with Vinicius Junior to sign new contract. #RMFC raised offer after 18 months of talks failed to produce breakthrough & now set to confirm extension. 26yo was open to #AFC move if no renewal. W/ @MarioCortegana @TheAthleticFC https://t.co/6zqrozWyEk

ভিনিসিয়ুস চুক্তি নবায়ন না করলে তাকে দলে ভেড়াতে বড় অঙ্কের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিয়েছিল আর্সেনাল। গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা আক্রমণভাগ শক্তিশালী করতে ব্রাজিলিয়ান তারকাকেই প্রধান লক্ষ্য করেছিল। ভিনিসিয়ুসও রিয়াল ছাড়লে আর্সেনালে যাওয়ার সম্ভাবনা বিবেচনায় রেখেছিলেন।

২০২৫ সালের জানুয়ারিতে নতুন চুক্তির আলোচনা শুরু হলেও দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার দূরত্ব তৈরি হয়। মাসের পর মাস আলোচনা বন্ধও ছিল। শেষ পর্যন্ত উন্নত প্রস্তাব দিয়ে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ধরে রাখতে যাচ্ছে রিয়াল।

২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ৩৭৫ ম্যাচ খেলেছেন ভিনিসিয়ুস। তাঁর নামের পাশে রয়েছে ১২৮ গোল ও ১০০টি গোলের সহায়তা। রিয়ালের হয়ে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ গোল করলেও বড় কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল। নতুন কোচ জোসে মরিনিওর অধীনে নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় ভিনিসিয়ুসকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখছে ক্লাবটি।