সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুবৃবি) এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশের পর এই পদক্ষেপ নেওয়া হয়। সংশ্লিষ্ট শিক্ষককে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেন।
উপাচার্য মুক্তকণ্ঠকে বলেন, “সারা দেশের ৪০৪ শিক্ষকের সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও ওই বিবৃতিতে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে—যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অবস্থান নেওয়া হয়েছিল। বিষয়টি নজরে আসার পরই আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি এবং আজ সকালে সংশ্লিষ্ট শিক্ষকের নামে শোকজ নোটিশ পাঠাই।”
তিনি আরও জানান, ওই শিক্ষকের লিখিত জবাব পাওয়ার পর একটি তদন্ত কমিটি পুরো বিষয়টি পর্যালোচনা করবে। তদন্তের পর দোষী সাব্যস্ত হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। তবে সম্পৃক্ততার প্রমাণ না মিললে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপাচার্য।