মার্সেলো বিয়েলসার স্থলাভিষিক্ত হয়ে উরুগুয়ের জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব গ্রহণ করেছেন দিয়েগো ফোরলান। উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, "অনূর্ধ্ব-২০ এবং জাতীয় দল—দুই দলেরই দায়িত্ব নিয়েছেন ফোরলান।"
২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ৪৭ বছর বয়সী ফোরলানের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই চুক্তি চূড়ান্ত হয়েছে। এইউএফ জানিয়েছে, প্রাথমিকভাবে তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন, তবে চুক্তিতে মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও মার্চের প্রীতি ম্যাচগুলোতে দলের নেতৃত্ব দেবেন তিনি।
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে সর্বশেষ দুটি বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। সর্বশেষ আসরে সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে ড্র করার পর চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে তাদের প্রস্থান নিশ্চিত হয়। অন্যদিকে, মাঠের কিছু কৌশলগত সিদ্ধান্ত এবং অবসরপ্রাপ্ত ফার্নান্দো মুসলেরাকে দলে ফেরানোর কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ৭১ বছর বয়সী কোচ মার্সেলো বিয়েলসা।
কোচ হিসেবে ফোরলানের অভিজ্ঞতা সীমিত। ২০২০ মৌসুমে সাবেক ক্লাব পেনারলের দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করলেও বাজে ফলাফলের কারণে মাত্র ১১ ম্যাচ পর তাঁকে পদ ছাড়তে হয়। পরবর্তীতে ২০২১ সালে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের ক্লাব আতেনাসের দায়িত্বে ১২ ম্যাচ কাটান তিনি।
তবে খেলোয়াড় হিসেবে ফোরলান উরুগুয়ের ইতিহাসের অন্যতম সেরা তারকা। ১১২টি আন্তর্জাতিক ম্যাচে ৩৬টি গোল করা এই ফরোয়ার্ড ২০১০ বিশ্বকাপে ৫টি গোল করে সেরা খেলোয়াড়ের পুরস্কার 'গোল্ডেন বল' জিতেছিলেন। এছাড়া লুইস সুয়ারেজের সঙ্গে জুটি বেঁধে ২০১১ কোপা আমেরিকা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। স্পেনের ভিয়ারিয়াল ও আতলেতিকো মাদ্রিদে খেলার সময় দুবার ইউরোপিয়ান গোল্ডেন শু এবং ২০০২-০৩ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন তিনি।