সরকার চারটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে। এর মধ্যে দুজন অতিরিক্ত সচিবকে পদোন্নতির মাধ্যমে এবং দুজন সচিবকে নতুন করে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. ওবায়দুর রহমান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি এর আগে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব ছিলেন। গত ৩০ জুলাই এই মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নজরুল ইসলাম অবসরে যাওয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন ওবায়দুর রহমান।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহারকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে বদলি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে সচিব পদে পদোন্নতি দিয়ে ওই বিভাগেই পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।