দলে দীর্ঘদিনের শ্রম ও ত্যাগের যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন মাগুরা জেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমান। মহম্মদপুর উপজেলা কৃষক দলের নতুন আহ্বায়ক কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় ক্ষোভ ও অভিমান থেকে তিনি দলের সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ৫ আগস্ট জেলা কৃষক দলের সভাপতি মো. রুবাইয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম হীরা স্বাক্ষরিত মহম্মদপুর উপজেলা কৃষক দলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এই নতুন কমিটিতে মো. রেজওয়ানুর রহমান রাসেলকে আহ্বায়ক এবং মো. সোহেল রানাকে সদস্য সচিব নিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ঘোষিত এই নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় দলের সিনিয়র নেতাদের প্রতি অভিমান ও ক্ষোভ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন মো. ওবায়দুর রহমান।

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, "আমি দীর্ঘদিন ধরে কৃষক দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় ১৭ বছরের শাসনামলে রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনে থেকে অংশ নিয়েছি। দলের জন্য কাজ করতে গিয়ে আমার বিরুদ্ধে দুটি রাজনৈতিক মামলা হয়েছে এবং একাধিকবার কারাবরণ করতে হয়েছে।"

তিনি আরও বলেন, "সম্প্রতি ঘোষিত মহম্মদপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আমাকে কোনো পদে রাখা হয়নি। দলের জন্য এত ত্যাগের পরও ন্যূনতম মূল্যায়ন না পাওয়ায় রাজনীতি করার আগ্রহ হারিয়ে ফেলেছি। তাই ক্ষোভ ও অভিমান থেকে স্বেচ্ছায় কৃষক দলের প্রাথমিক পদসহ সব দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।"