আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে আমেলার নিয়মিত সভায় এই আহ্বান জানানো হয়। মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার সঞ্চালনায় ছিলেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া। সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার এবং মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় গত আমেলার কার্যবিবরণী অনুমোদন, খাস কমিটির সিদ্ধান্তসমূহ পর্যালোচনা এবং জেলা ও মহানগর শাখার সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন ও মূল্যায়ন করা হয়। এছাড়া কেন্দ্রীয় সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা চলে।

সভায় নেতারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, যোগ্য, সৎ, আমানতদার ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত করতে হবে। একই সঙ্গে নির্বাচনি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রচলিত আইন, বিধিবিধান ও নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের কথা বলা হয়।

স্থানীয় সরকার জনগণের সবচেয়ে নিকটবর্তী সেবামূলক প্রতিষ্ঠান উল্লেখ করে জমিয়তের নেতারা বলেন, "জনগণের আস্থা অর্জন, উন্নয়ন, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জমিয়ত সর্বাত্মকভাবে কাজ করবে।"

সভা শেষে দলের সব জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নির্বাচনি প্রস্তুতি কমিটি গঠন, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়। পাশাপাশি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ করা হয়।