সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ২২ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার গাভির একটি ছবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, তার চুলের রং এখন গোলাপি। এই আকস্মিক পরিবর্তনের পেছনে রয়েছে একটি বিশেষ প্রতিশ্রুতি। বিশ্বকাপ শুরুর আগে গাভি ঘোষণা করেছিলেন, স্পেন চ্যাম্পিয়ন হলে তিনি চুল রাঙাবেন গোলাপি রঙে। মঙ্গলবার ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে সেই কথা রক্ষা করেছেন বার্সেলোনার এই তারকা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি কথা রাখার মানুষ’।

গাভির এই ছবির নিচে সতীর্থ লামিনে ইয়ামাল হাসি ও কান্নার ইমোজি দিয়েছেন। আগামী ১২ আগস্ট বার্সেলোনার প্রাক্‌-মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার কথা ইয়ামালের। ধারণা করা হচ্ছে, সতীর্থরা তাকে সহজেই চিনতে পারবেন।

গাভির আগে নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছেন রিয়াল মাদ্রিদের ফুলব্যাক মার্ক কুকুরেয়া। বিশ্বকাপের আগে একটি রেডিও অনুষ্ঠানে তিনি রসিকতার ছলে বলেছিলেন, স্পেন বিশ্বকাপ জিতলে তিনি কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখ শরীরে ট্যাটু করাবেন। শিরোপা জেতার পর কুকুরেয়া সত্যিই ট্যাটু আর্টিস্টের কাছে হাজির হয়ে কথা রেখেছেন। মজার বিষয় হলো, সতীর্থ আলেক্স বায়েনাও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে তিনি এখনো ট্যাটু পার্লারে যাননি বলে জানা গেছে।

অন্যদিকে, বিশ্বকাপ শুরুর আগে একটি ইউটিউব ভিডিওতে ইয়ামাল বলেছিলেন, শিরোপা জিতলে তিনি তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। তবে ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের মুখে তখনো ঠিকমতো দাড়ি-গোঁফ ওঠেনি বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে কিছুটা খোঁচাও শুনতে হয়েছিল। শিরোপা জেতার পর সাংবাদিকেরা যখন এই কথা মনে করিয়ে দেন, ইয়ামাল হাসতে হাসতে স্বীকার করেন যে তিনি নিজেই বিষয়টি ভুলে গিয়েছিলেন। কুকুরেয়া ও গাভির কথা রাখার পর এখন ইয়ামালের ওপর চাপ বাড়ছে বলে মনে করা হচ্ছে।

ফাইনালের গোলদাতা ফেরান তোরেসও বলেছিলেন, দল চ্যাম্পিয়ন হলে তিনি চুল কামিয়ে ফেলবেন। স্পেনের জয়ের পর অনেকেই তাকে এই কথা মনে করিয়ে দিলেও তোরেস এখনো সেই ‘দুঃসাহস’ দেখাতে পারেননি। এখন দেখার বিষয়, ইয়ামাল ও তোরেস কবে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেন।