চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেলিম মজুমদার (৫৫) নামে এক কেয়ারটেকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌর এলাকার এক প্রবাসীর নির্মাণাধীন ৬ তলা ভবনে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন সেলিম মজুমদার। দীর্ঘদিনের পরিচয়ের কারণে শিশুটি তাকে ‘দাদা’ বলে সম্বোধন করত। অভিযুক্ত ব্যক্তি প্রায়ই শিশুটিকে চকলেট ও বিভিন্ন খাবারের প্রলোভন দেখাতেন।

গত বুধবার দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকায় এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। ঘটনার দিন শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের নিচতলার সিঁড়ির কক্ষ থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান তার মা। পরবর্তীতে শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে।

আটক সেলিম মজুমদার উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত তরিক উল্লার ছেলে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে ভুক্তভোগী শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, "অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত সেলিম মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"