জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল সময়ে কবিরা তাঁদের লেখনীর মাধ্যমে আন্দোলনের সঙ্গে একাত্ম হয়েছিলেন। সেই সময়ের প্রেক্ষাপটে ২০২৪ সালের ২ আগস্ট মুক্তকণ্ঠতে প্রকাশিত হয় একটি কবিতা। কবিতাটিতে একজন ব্যক্তির মৃত্যুপূর্ব মুহূর্তের আর্তনাদ ও উপলব্ধির কথা ফুটে উঠেছে। কবিতার ভাষায় বলা হয়েছে—

"হে পিতা, দাঁড়িয়ে আছি ফ্যাসিবাদী পিস্তলের সামনে।
একটি বুলেট জিজ্ঞাসা করছে তোমার নাম।
দুই নম্বর বুলেটটি বলছে একটু পরেই, কবরের অন্ধকার।
তিন নম্বর বুলেটটি মনে করিয়ে দিচ্ছে—
খানিক পরেই খুব কাছ থেকে
গুলি করা হবে আমাকে
দেখতে পাচ্ছি ট্রিগারটিকে
অন্ধকারেও ঝিলিক দিচ্ছে
চার নম্বর বুলেটটি চিৎকার করে আমাকে পালাতে বলছে।
আর পাঁচ নম্বর বুলেটটি খুব শান্ত হয়ে আছে।
ছয় নম্বর বুলেটটি কেন যেন হো হো করে হাসছে।
আমার মুখে গুঁজে দেওয়া পুরাতন কাপড়ের স্বাদে
মাকে মনে পড়ছে। অভাগী।
আমার সন্তানদের দেখে রেখো পিতা।
যাচ্ছি আমি, যাযাবর বিবাগি।"