গ্রুপ চ্যাটে যোগাযোগ প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে একাধিক নতুন সুবিধার ঘোষণা দিয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন এই আপডেটগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা এখন ভোট গ্রহণের সময়সীমা নির্ধারণ, গোপন ভোট প্রদান, গ্রুপের সকল সদস্যকে একসঙ্গে মেনশন করা এবং বিদ্যমান গ্রুপ থেকেই নতুন গ্রুপ খোলার সুযোগ পাবেন। এর ফলে দলগত সিদ্ধান্ত গ্রহণ, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন এবং জরুরি তথ্য দ্রুত সবার কাছে পৌঁছে দেওয়া আরও সহজ হবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই সুবিধাগুলো ধাপে ধাপে চালু করা হচ্ছে, যার ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা পর্যায়ক্রমে এগুলো ব্যবহার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের গ্রুপ পোলে এখন থেকে তিনটি নতুন সুবিধা যুক্ত হবে। এর মাধ্যমে কোনো বিষয়ে ভোট গ্রহণের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা যাবে। এছাড়া গোপন ভোটের সুবিধায় কোনো সদস্য কোন অপশনে ভোট দিয়েছেন, তা অন্য সদস্যরা দেখতে পাবেন না, যা ব্যবহারকারীদের আরও স্বাচ্ছন্দ্যে মতামত জানাতে সাহায্য করবে। পাশাপাশি, ভোট প্রকাশের পর ১৫ মিনিট পর্যন্ত প্রশ্ন সম্পাদনার সুযোগ থাকবে। ফলে বানান বা তথ্যগত ভুল থাকলে নতুন করে ভোট তৈরি না করেই তা সংশোধন করে প্রশ্নটি আরও স্পষ্ট করা যাবে।

নতুন হালনাগাদে গ্রুপে @অল ব্যবহার করে এক ক্লিকেই সব সদস্যকে মেনশন করার সুবিধা যুক্ত করা হয়েছে। তবে এর পাশাপাশি নির্দিষ্ট সদস্যকে আলাদাভাবে মেনশন করার আগের সুযোগটি বহাল থাকবে। হোয়াটসঅ্যাপের তথ্যমতে, সময়সূচির পরিবর্তন, শিক্ষাপ্রতিষ্ঠানের জরুরি ঘোষণা, কোনো অনুষ্ঠানের কথা মনে করিয়ে দেওয়া বা অফিস বন্ধের মতো গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত জানাতে এই সুবিধা কার্যকর হবে। প্রাথমিকভাবে ৩২ জনের বেশি সদস্য থাকা বড় গ্রুপের প্রশাসকেরা @অল মেনশন সুবিধাটি ব্যবহার করতে পারবেন। গ্রুপ মিউট করা থাকলেও সদস্যদের কাছে এই নোটিফিকেশন পৌঁছাবে, তবে চাইলে সেটিংস থেকে @অল-সংক্রান্ত সতর্কবার্তা বন্ধ রাখা যাবে।

এছাড়া নতুন আপডেটে বিদ্যমান গ্রুপ থেকেই নতুন গ্রুপ তৈরি করার সুযোগ মিলবে। এর জন্য সদস্যদের পুনরায় নির্বাচন করার প্রয়োজন হবে না। একই সদস্যদের নিয়ে ভিন্ন বিষয়ে আলাদা আলোচনা চালানোর ক্ষেত্রে এই ফিচারটি বিশেষ কাজে লাগবে। যেমন—কোনো অনুষ্ঠান আয়োজন, সারপ্রাইজ পার্টির পরিকল্পনা, প্রকল্পভিত্তিক আলোচনা বা নির্দিষ্ট কাজের জন্য দ্রুত আলাদা গ্রুপ তৈরি করা এখন আরও সহজ হবে।