জীবন-জীবিকার তাগিদে ভালো বেতনে চাকরির আশ্বাসে ভারতে গিয়ে গত আট মাস ধরে নিখোঁজ রয়েছেন মেকানিক মো. মাসুম। তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে, কারণ একমাত্র উপার্জনক্ষম সদস্যের কোনো সন্ধান নেই। মাসুমকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।
পারিবারিক সূত্রে জানা যায়, মাসুমের পৈতৃক নিবাস লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালি গ্রামে। তিনি রুহুল আমিনের ছেলে। তবে ছোটবেলা থেকেই তিনি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হুজুরী গ্রামে নানা বাড়িতে বড় হয়েছেন। দালাল সোহেল তাকে ভালো বেতনে চাকরির আশ্বাস দিয়ে গত নভেম্বর মাসে ভারতে নিয়ে যায়। ভারতে যাওয়ার পর প্রথম দুই মাসে মাসুম ৩০ হাজার টাকা বাড়িতে পাঠিয়েছিলেন। কিন্তু এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
মাসুমের মামা মো. শহিদ বলেন, "মাসুম আমাদের বাড়িতে থেকেই বড় হয়েছে। সে ভালো মেকানিকের কাজ জানত। দালাল সোহেল ভালো চাকরির লোভ দেখিয়ে তাকে ভারতে নিয়ে যায়। প্রথম দুই মাস যোগাযোগ থাকলেও গত সাত-আট মাস ধরে তার আর কোনো সন্ধান পাচ্ছি না। লোকমুখে শুনেছি, চেন্নাই থেকে কলকাতা আসার পর হাকিমপুর থানা পুলিশ তাকে আটক করেছে। এখন সে কেমন আছে, কোথায় আছে—তা নিয়ে আমরা খুবই চিন্তিত। তাকে উদ্ধারে আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।"
মাসুমের মা মাসুদা বেগম আকুতি জানিয়ে বলেন, "আমার ছেলেটি কিছুদিন হলো বিয়ে করেছে। কাজের জন্যই ভারতে গিয়েছিল। প্রথম কিছুদিন কথা হলেও এখন তার সঙ্গে কোনো যোগাযোগ নেই, ফোনও বন্ধ। আমি প্রতিদিন তার পথ চেয়ে বসে থাকি। সরকারের কাছে অনুরোধ, আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিন।"
এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাইফুল ইসলাম জানান, "এ বিষয়ে এখনও আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ভুক্তভোগী পরিবারটিকে সব ধরনের আইনি সহযোগিতা করা হবে।"