রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনীর আয়োজিত ১০ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাঙামাটি সেনা রিজিয়নের ‘প্রান্তিক’ হলে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এই প্রশিক্ষণের আয়োজন করা হয় রাঙামাটি সেনা রিজিয়ন ও সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক সহযোগিতায়। উক্ত প্রশিক্ষণে জেলার ১০টি উপজেলা থেকে মোট ১৫ জন চিকিৎসা সহায়তাকারী অংশ নিয়েছেন।

আয়োজকদের মতে, ভৌগোলিক দুর্গমতা এবং যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে প্রত্যন্ত অঞ্চলের মা ও শিশুরা অনেক সময় জরুরি চিকিৎসা সেবা পায় না। এই ঝুঁকি কমিয়ে আনতে স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল গড়ে তোলার উদ্দেশ্যেই সেনাবাহিনী ও সিভিল সার্জন কার্যালয় যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। তিনি বলেন, “পাহাড়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী নিরলস কাজ করছে। এ ধরনের প্রশিক্ষণ মাতৃ ও শিশু মৃত্যু হার কমাতে কার্যকর ভূমিকা রাখবে।”