অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল ইসলাম সজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চুনারুঘাট উপজেলা জামায়াত এই সিদ্ধান্ত কার্যকর করে। বহিষ্কৃত নুরুল ইসলাম সজল উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে জারুলিয়া এলাকার পার্শ্ববর্তী গজারিয়া গ্রামে একটি অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে নুরুল ইসলাম সজল স্থানীয়দের হাতে আটক হন। বিষয়টি জানাজানি হওয়ার পর গাজীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানের মধ্যস্থতায় প্রাথমিকভাবে সমস্যাটি নিষ্পত্তির চেষ্টা করা হয়।

তবে ঘটনার পর স্থানীয় জামায়াত নেতারা অভিযোগটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ার পর সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে উপজেলা জামায়াত তাকে ইউনিয়ন সভাপতির পদসহ দলীয় সব দায়িত্ব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, "নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা পাওয়ায় স্থানীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।"

তিনি আরও জানান, সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে গাজীপুর ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাওলানা মো. আব্দুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, এই বিষয়ে নুরুল ইসলাম সজলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।