নাটোর শহরতলীর ভাটোদ্বারা এলাকায় শাহীন রাইস মিলের গুদামের সাটারের তালা কেটে ১৫০ বস্তা চাল চুরি করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) মধ্যরাতে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। তবে বৃহস্পতিবার সকালে পুলিশ বিষয়টি জানতে পারে।
গুদামটির মালিক শাহীন ভুইয়া জানান, ঘটনার রাতে গুদামের পাশের একটি ঘরে কয়েকজন শ্রমিক ঘুমিয়ে ছিলেন এবং বাকিরা কাজ শেষ করে বাড়ি চলে যান। মধ্যরাতে চোরচক্র শ্রমিকদের থাকার ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়। এরপর তারা গুদামের সাটারের তালা কেটে ১৫০ বস্তা চাল নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, সকালে অন্য শ্রমিকরা এসে গুদামের সাটারের তালা কাটা দেখে সবাইকে জানান। এরপর তারা সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে চাল চুরির বিষয়টি নিশ্চিত হন এবং পুলিশকে খবর দেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আলামত সংগ্রহ করা করেছে। চোরচক্রকে ধরতে অভিযান চলছে।"