কারিগরি ও মাদ্রাসা শিক্ষা খাতের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের জন্য বিশেষ অনুদানের আওতায় ৮ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, "২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন ১৬০০১০১-১২০০০১৫১৪—শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্রদের জন্য বিশেষ অনুদানের ৩৬৩১১০৭—বিশেষ অনুদান খাতে ৮ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রয়েছে।"

নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামের পাশে উল্লেখিত হারে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস 'বাংলাদেশ ডাক বিভাগ-নগদ'-এর সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ বিতরণ করতে হবে।

বরাদ্দের বিস্তারিত হিসেবে দেখা যায়, ৪২৮টি মনোনীত প্রতিষ্ঠান ২৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৭ লাখ টাকা পাবে। এছাড়া ৮৫৩ জন শিক্ষক ও কর্মচারী ১৫ হাজার টাকা করে মোট ১ কোটি ২৭ লাখ ৯৫ হাজার টাকা পাবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে, ইবতেদায়ি (১ম থেকে ৫ম) শ্রেণির ২ হাজার ৪৮৪ জন শিক্ষার্থী ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা পাবেন। দাখিল ও ভোকেশনাল (৬ষ্ঠ থেকে ১০ম) শ্রেণির ৩ হাজার ১৬৭ জন শিক্ষার্থী ৮ হাজার টাকা করে মোট ২ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার টাকা পাবেন। এইচএসসি (বিএম), আলিম ও ডিপ্লোমা পর্যায়ের ১ হাজার ১২৮ জন শিক্ষার্থী ১০ হাজার টাকা করে মোট ১ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা এবং কামিল, ফাজিলসহ তদূর্ধ্ব শ্রেণির ৫৩৭ জন শিক্ষার্থী ১০ হাজার টাকা করে মোট ৫৩ লাখ ৭০ হাজার টাকা পাবেন।

অর্থ বিতরণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত দেওয়া হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, "বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘বাংলাদেশ ডাক বিভাগ-নগদ’–এর পক্ষে ডাক বিভাগ-নগদের প্রশাসক মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামের পাশে উল্লিখিত হারে এই আদেশ জারির ৭ কর্মদিবসের মধ্যে অর্থ বিতরণ করবেন এবং বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে দাখিল করবেন।"

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী বা শিক্ষার্থীর অনুকূলে অনুদানের টাকা একটি ব্যাংক হিসাব বা মোবাইল নম্বরে মাত্র একবার পাঠানো যাবে। একই হিসাবে একাধিকবার অর্থ পাঠানো নিষিদ্ধ। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ অর্থ তাদের ব্যাংক হিসাবে পাঠাতে হবে এবং অব্যয়িত অর্থ ১০ কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দিয়ে প্রমাণক সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে।