বরিশালের মেহেন্দিগঞ্জে সরকারি পাতারহাট আর.সি. কলেজে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, অনুষ্ঠানের মিলনায়তনে শ্রোতাদের জন্য ২০-৩০টি বসার টেবিল থাকলেও তার সবগুলোই ফাঁকা। মঞ্চে কয়েকজন শিক্ষক এবং শ্রোতাদের আসনে মাত্র কয়েকজন কর্মচারীর উপস্থিতির দৃশ্য সামনে আসায় সমালোচনার ঝড় উঠেছে।

গত বুধবার (৫ আগস্ট) কলেজ মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়। গুরুত্বপূর্ণ এই দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা গেল না কেন এবং শিক্ষকদের উপস্থিতির হার কেন এত কম, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

এই বিষয়ে কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ সিং গণমাধ্যমকে বলেন, "আর সি কলেজ উপজেলার সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে কলেজ প্রশাসনের উদাসীনতায় প্রতিষ্ঠানটি দিনে দিনে তার সুনাম ও ঐতিহ্য হারাচ্ছে। যার প্রমাণ আজকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি দিনে শিক্ষার্থীদের অনুপস্থিতি।"

ঘটনাটি নজরে এসেছে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলামের। তিনি এই পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, "জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা যাওয়া দুঃখজনক। এটি শিষ্টাচারবহির্ভূত। আমার এখতিয়ারের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আঞ্চলিক পরিচালককে জানানো হবে।"

অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ভিডিওতে প্রদর্শিত দৃশ্যটি পুরো আয়োজনের প্রকৃত চিত্র নয়। বর্তমানে উচ্চমাধ্যমিকসহ বিভিন্ন পরীক্ষা চলমান থাকায় নিয়মিত পাঠদান বন্ধ রয়েছে। কর্মসূচির কথা অনলাইনে জানানো হলেও বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি প্রত্যাশার চেয়ে কম ছিল বলে দাবি করে তারা।

কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল হালিম জানান, ভিডিওটি অনুষ্ঠান শুরুর শুরুর দিকের। "তখন শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। পরে বেশ কয়েকজন শিক্ষার্থী অনুষ্ঠানে যোগ দেন। অধিকাংশ শিক্ষকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।"