ভারতের এক তরুণীর সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামালপুর থেকে মোস্তাফিজুর রহমান মেহেদী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৫ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জামালপুর জেলা পুলিশ এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর সঙ্গে মেহেদীর পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা একে অপরের সঙ্গে ব্যক্তিগত ছবি ও ভিডিও আদান-প্রদান করেন। তবে পরবর্তীতে মেহেদী ওই তরুণীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও ব্যবহার করে তাকে ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল এবং মানসিকভাবে হয়রানি করতে শুরু করেন। এমনকি ভুক্তভোগীর কয়েকজন নিকটাত্মীয়ের কাছেও ওই ছবি ও ভিডিও পাঠিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এই ঘটনায় ভুক্তভোগী তরুণী ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং জামালপুর জেলা পুলিশ সুপারের কাছেও একটি লিখিত আবেদন জানান। অভিযোগ পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) তদন্ত শুরু করে এবং সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি রেডমি নোট ৯ প্রো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ডিজিটাল তথ্য-উপাত্ত, অভিযোগপত্র এবং অন্যান্য আলামত বিশ্লেষণ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
জামালপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) সোহাগ রানা বলেন, "এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। বুধবার তাকে আদলতের মাধ্যম কারাগারে পাঠানো হয়েছে।"