সাতক্ষীরার আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক মাদক মামলার আসামি অল্প সময়ের মধ্যেই স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়েছেন। বুধবার (৫ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। আটক আসামির নাম মো. আজমাইন, তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আজমাইনকে আদালতে হাজির করার সময় তিনি কৌশলে পালিয়ে যান। হাতকড়া পরা অবস্থাতেই তিনি দৌড়ে শহরের পলাশপোল বউবাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয় এবং তাকে আটক করা হয়।
ঘটনা প্রসঙ্গে সাতক্ষীরা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে মাসুদ রায়হান বলেন, "হাতকড়া পরা অবস্থায় এক ব্যক্তি বউবাজার দিয়ে দৌড়ে পালাচ্ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমরা তাকে আটক করি এবং ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করি।"
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মো. মঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আশাশুনি থানা থেকে আদালতে আনা এক আসামি পালিয়ে গিয়েছিলেন। পরে বউবাজার এলাকা থেকে তাকে পুনরায় আটক করা হয়।"
পুলিশ আরও জানায়, আদালতের আইনি কার্যক্রম শেষে আজমাইনকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে আসামির এভাবে পালিয়ে যাওয়ার ঘটনায় প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।