একটি বলও মাঠে গড়াল না, অথচ তাতেই শেষ হয়ে গেল আয়ারল্যান্ডের সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার ক্ষীণ সম্ভাবনাটুকু। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এখন বাছাইপর্ব পেরিয়েই বিশ্বকাপে যেতে হবে আইরিশদের।
বুধবার ব্রেডি ক্রিকেট ক্লাব মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে টস করা সম্ভব হয়নি। দীর্ঘ অপেক্ষার পর কোনো বল না গড়িয়েই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
আয়ারল্যান্ডের জন্য এই ম্যাচটি কেবল একটি দ্বিপক্ষীয় সিরিজের শুরু ছিল না, বরং সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার শেষ সমীকরণের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছিল। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে ১১তম স্থানে থাকা দলটির জন্য পথটি ছিল অত্যন্ত কঠিন।
সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে হলে আয়ারল্যান্ডকে আফগানিস্তানকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে হতো। একই সঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বরের কাটঅফ সময়ের আগে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের হার প্রয়োজন ছিল তাদের।
এই দুটি শর্ত পূরণ হলে র্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে টপকে সরাসরি বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা তৈরি হতো। তবে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আফগানিস্তানকে ৫-০ ব্যবধানে হারানোর সুযোগ আর নেই। ফলে অন্য সব ফল নিজেদের পক্ষে গেলেও সরাসরি বিশ্বকাপে যেতে পারবে না তারা।
তবে বিশ্বকাপের সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি। এখন ১০ দলের বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতে হবে পল স্টার্লিংয়ের দলকে। সেখান থেকেই নতুন করে লড়াই করে বিশ্বকাপের টিকিট অর্জনের চেষ্টা করতে হবে তাদের।
উল্লেখ্য, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারেনি আয়ারল্যান্ড। সেবার বাছাইপর্বের সুপার সিক্স থেকেই বিদায় নিয়েছিল তারা। এবার সরাসরি টিকিটের শেষ আশাও বৃষ্টিতে ভেসে যাওয়ায় টানা দ্বিতীয়বার বিশ্বকাপের জন্য কঠিন বাছাইয়ের পথ পাড়ি দিতে হবে দলটিকে।
আগামী শুক্রবার ব্রেডিতেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও আফগানিস্তান। সিরিজের বাকি তিনটি ম্যাচ ১০, ১২ ও ১৫ আগস্ট বেলফাস্টের স্টরমন্টে অনুষ্ঠিত হবে।