বিদেশের মাটিতে টেস্ট জয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে পরাজিত করেছে পাকিস্তান। পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টে এই জয় তুলে নিল সফরকারীরা। এর মাধ্যমে দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছে। প্রথম টেস্টে ৯০ রানে হেরে পিছিয়ে পড়া পাকিস্তান দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে।

জয়ের জন্য ৭৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে দলের হাল ধরেন আবদুল্লাহ শফিক ও বাবর আজম। দুজনই অপরাজিত ২৪ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। অধিনায়ক বাবর আজম জোমেল ওয়ারিক্যানের বলে টানা দুটি ছক্কা মেরে দলের তিন বছরের অপেক্ষার অবসান ঘটান। ২৩.৩ ওভারে ২ উইকেটে ৭৭ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান।

ম্যাচের নিয়ন্ত্রণ ধরেছিল পাকিস্তান তাদের প্রথম ইনিংসেই। ওয়েস্ট ইন্ডিজের ৩৪৪ রানের জবাবে ৩৮৭ রান করে ৪৩ রানের লিড নেয় তারা। এই বড় সংগ্রহের মূল কারিগর ছিলেন ওপেনার আবদুল্লাহ শফিক, যিনি ৩২৩ বলে অপরাজিত ১৬০ রান করেন। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ৩টি ছক্কা। এছাড়া বাবর আজম করেন ৮৮ রান। তৃতীয় উইকেটে আবদুল্লাহ ও বাবরের ১৮৩ রানের জুটিই পাকিস্তানকে শক্ত অবস্থানে নিয়ে যায়। অভিষিক্ত আজান আওয়াইস করেন ৫৫ রান। স্বাগতিকদের হয়ে ওয়ারিক্যান ১১২ রানে ৬ উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের স্পিনারদের সামনে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। সর্বোচ্চ ৩৪ রান করেন কেভেম হজ। পাকিস্তানের হয়ে সাজিদ খান ৩২ রানে এবং আলী উসমান ৩৯ রানে চারটি করে উইকেট শিকার করেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে জাস্টিন গ্রিভস ৭৩ এবং রোস্টন চেজ ৭০ রান করেন। পাকিস্তানের হয়ে সাজিদ খান নেন চার উইকেট।

২০২৩ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শেষবার বিদেশের মাটিতে টেস্ট জিতেছিল পাকিস্তান। এরপর টানা আটটি ম্যাচে তাদের পরাজয় বরণ করতে হয়েছিল। দীর্ঘ তিন বছর পর এই জয়ের মাধ্যমে সেই বিব্রতকর ধারার অবসান ঘটল। দুই ইনিংসে অপরাজিত ১৬০ ও ২৪ রান করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ শফিক।