জুলাই গণ-অভ্যুত্থান কেন্দ্রিক একটি তথ্যচিত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা, ৯ দফা কর্মসূচি এবং ৩ আগস্টের এক দফা ঘোষণার মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো যথাযথভাবে উপস্থাপিত না হওয়ায় দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বিতর্কের মুখে তথ্যচিত্রটি সংশোধন করে পুনরায় প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়।

জানা গেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’য় তথ্যচিত্রটি প্রদর্শিত হয়। তবে এতে আন্দোলনের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় এবং বিভিন্ন পক্ষের অবদান সঠিকভাবে ফুটে না ওঠায় উপস্থিত অতিথিদের মাঝে তীব্র আপত্তি তৈরি হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির উপস্থিতিতে বিষয়টি উত্থাপিত হলে মন্ত্রী উপস্থিত অতিথিদের কাছে দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে তথ্যচিত্রে কোনো ত্রুটি বা অসম্পূর্ণতা থাকলে তা দ্রুত সংশোধনের আশ্বাস দেন তিনি। এই ঘটনায় প্রতিমন্ত্রীও দুঃখ প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তথ্যচিত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা, ৯ দফা কর্মসূচি, ৩ আগস্টের এক দফা ঘোষণা এবং সংশ্লিষ্ট কয়েকটি ঐতিহাসিক ঘটনার যথাযথ প্রতিফলন না হওয়া অনিচ্ছাকৃত।

মন্ত্রণালয় আরও দাবি করেছে যে, কোনো ব্যক্তি, সংগঠন বা গণ-অভ্যুত্থানে অবদান রাখা কোনো পক্ষের ভূমিকা খাটো করা কিংবা ইতিহাসের কোনো অংশ আড়াল করার উদ্দেশ্য তাদের ছিল না।

তথ্যচিত্রটি পরিমার্জনের জন্য বিশেষজ্ঞ, গবেষক এবং আন্দোলনের প্রতিনিধিদের মতামত নেওয়া হবে। প্রয়োজনীয় সংশোধন শেষে শিগগিরই এটি পুনরায় জনসমক্ষে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।