রাজধানীর গুলশান এলাকা থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার রাত ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। তবে নির্দিষ্ট কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ডিবির বরাত দিয়ে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।"

উল্লেখ্য, গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন। এর আগে ১৯৯৬ সালে তিনি গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।