থাইল্যান্ডের এক ফুটবল ম্যাচে ভয়াবহ বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ২৪ বছর বয়সী ফুটবলার সফওয়ান আওয়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন মালয়েশিয়ান ফুটবলারও রয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশের শান্তিফাপ স্টেডিয়ামে এই দুর্ঘটনা ঘটে। ওই মাঠে গোলক এফএ কাপের সেমিফাইনালে স্যামকোল্টস ও আবু এক্স নং সিরিন দলের মধ্যে ম্যাচ চলছিল।
সুঙ্গাই গোলক পুলিশের প্রধান থুন সিরিখুন্ত জানিয়েছেন, "ম্যাচটি শেষ হওয়ার পর শুরু হয় প্রবল বৃষ্টি। খেলোয়াড় ও কর্মকর্তাদের অনেকে তখনো মাঠে ছিলেন। এর মধ্যেই হঠাৎ মাঝমাঠে বজ্রপাত হয়। তীব্র আলোর ঝলকানি ও বিকট শব্দের পর মাঠে থাকা বেশ কয়েকজন লুটিয়ে পড়েন।"
বজ্রপাতে গুরুতর আহত হন সফওয়ান। সতীর্থ ও জরুরি চিকিৎসাসেবা কর্মীরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
আহত ১২ জনকে সুঙ্গাই গোলক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে স্যামকোল্টসের হয়ে খেলা মোহাম্মদ আলিফ এজাহান জুলকিফলি নামের এক মালয়েশিয়ান ফুটবলারও রয়েছেন।
উইঙ্গার সফওয়ান মাত্র কয়েক দিন আগে থাই লিগ থ্রির দল ইয়ালা এফসিতে যোগ দিয়েছিলেন। গত ২৯ জুলাই নতুন ক্লাবটির সঙ্গে চুক্তি করেন তিনি। এর আগে পাত্তানি এফসির হয়ে ১৮ ম্যাচে সাত গোল করে দলটিকে দ্বিতীয় বিভাগে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই তরুণ ফুটবলার।
সফওয়ানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইয়ালা এফসি। একই সঙ্গে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।