বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের সতর্ক করে বার্তা দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার খবর পাওয়ার পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় হাইকমিশন জানিয়েছে, "প্রতারকরা হাইকমিশনের কর্মকর্তা সেজে টাকার বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার পরিষেবা পাইয়ে দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করছে।"

হাইকমিশন স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। ভারতীয় ভিসা সংক্রান্ত সব আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।

এই পরিস্থিতিতে সন্দেহজনক কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের কপি, ব্যাংক হিসাবের তথ্য বা আর্থিক তথ্য অপরিচিত কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

বার্তায় আরও বলা হয়েছে, কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে বা এমন কোনো প্রচেষ্টার মুখোমুখি হলে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণ [email protected] ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার এবং অন্যদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।