ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-তে ১৬ সদস্যের একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সাতটি চেম্বার এবং নয়টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি স্থান পেয়েছেন।
গতকাল মঙ্গলবার এক অফিস স্মারকের মাধ্যমে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এই কমিটি গঠন করেন। স্মারকে উল্লেখ করা হয়, বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং গত রোববার এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র পাওয়া গেছে। উল্লেখ্য, এর আগেও এফবিসিসিআইতে সহায়ক কমিটি গঠিত হয়েছিল।
সহায়ক কমিটির চেম্বার গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হয়েছেন ঢাকা চেম্বারের তাসকিন আহমেদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক, রাজশাহী চেম্বারের সভাপতি মো. হাসেন আলী, বরিশাল চেম্বারের সভাপতি এবায়েদুল হক, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান টি রহমান, রংপুর চেম্বারের সভাপতি এমদাদুল হোসেন এবং বাংলাদেশ উইমেন চেম্বারে অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংগীতা আহমেদ।
অন্যদিকে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সদস্য হিসেবে রয়েছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ, বিজেএমএর সভাপতি মো. আবুল হোসেন, ওষুধ শিল্প সমিতির সভাপতি আবদুল মুক্তাদির, বিএবির সভাপতি আবদুল হাই সরকার, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিপিজিএমইএর সভাপতি শামীম আহমেদ, রিহ্যাবের সভাপতি আলী আফজাল এবং এফএলএএক্সএ-র সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।
বিষয়টি নিয়ে প্রশাসক মো. ফজলুল হক মুক্তকণ্ঠকে বলেন, "বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ফেডারেশন পরিচালনায় সহায়তার জন্য সহায়ক কমিটি করা হয়েছে। প্রয়োজনে এই কমিটির সদস্যসংখ্যা বাড়তে পারে।"
গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এর আগে ২৭ জুন সাবেক প্রশাসক আবদুর রহিম খানের মেয়াদ শেষ হওয়ার পর এক মাস এই পদটি শূন্য ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের মুখে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরবর্তীতে ১১ সেপ্টেম্বর ফেডারেশনের পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সাবেক প্রশাসক হাফিজুর রহমানও একটি সহায়ক কমিটি গঠন করেছিলেন।