জলবায়ু পরিবর্তনের প্রভাবে কয়েক মাস ধরে এশিয়া, আফ্রিকা, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে গরম বেশি অনুভূত হচ্ছে। কিছু কিছু দেশে তাপপ্রবাহও লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যেই বরফের চাদরে ঢাকা পৃথিবীর সবচেয়ে দুর্গম ও নিঃসঙ্গ অঞ্চল অ্যান্টার্কটিকায় গত এক দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পাওয়া গেছে।

অ্যান্টার্কটিকায় অবস্থিত কনকর্ডিয়া গবেষণাকেন্দ্রের তথ্যমতে, গত ১৮ জুলাই তাপমাত্রা মাইনাস ৮৪.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। ওই তাপমাত্রা গত ১৪ বছরের মধ্যে পৃথিবীর সর্বনিম্ন হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০১২ সালে পূর্ব অ্যান্টার্কটিকার রাশিয়ার ভোস্টক স্টেশনে মাইনাস ৮৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

কনকর্ডিয়া স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ২০০ মিটার উঁচুতে অবস্থিত। বছরের এই সময়ে সেখানে সাধারণত মাইনাস ৮০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যায়। তবে এ বছর স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ঠান্ডা পড়েছে বলে জানিয়েছে কেন্দ্রটি। কনকর্ডিয়া গবেষণা কেন্দ্রের প্রধান গ্যাব্রিয়েল কারুগাতি বলেন, এমন ঘটনা অ্যান্টার্কটিকার আবহাওয়ার পরিবর্তনশীলতাকে তুলে ধরে। চরম শীত যেখানে স্বাভাবিক, সেখানেও মাইনাস ৮৪ ডিগ্রির নিচের তাপমাত্রা বেশ অসাধারণ।

অ্যান্টার্কটিক মালভূমির ওপর অবস্থিত এই কেন্দ্র বিশ্বের সবচেয়ে দুর্গম মানবঘাঁটি। অত্যন্ত নির্জন হওয়ায় অঞ্চলটি পৃথিবী ও মহাকাশ গবেষণার জন্য উপযোগী। শীতকালে এখানে কোনো বিমান পৌঁছাতে পারে না। কাছের ভোস্টক কেন্দ্র ৬০০ কিলোমিটারের বেশি দূরে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের চেয়েও গবেষকেরা অনেক বেশি বিচ্ছিন্ন থাকেন, কারণ মহাকাশ স্টেশন পৃথিবী থেকে মাত্র ৪০০ কিলোমিটার ওপরে ঘুরছে। গ্যাব্রিয়েল কারুগাতি আরও বলেন, শীতকালে মাসের পর মাস সূর্যের আলো থাকে না। বায়ুমণ্ডল খুব শুষ্ক থাকে। মেঘ না থাকায় টানা তাপ আকাশে চলে যায়। ফলে তাপমাত্রা অসাধারণ লেভেলে নেমে যায়।

কনকর্ডিয়ার ধারণ করা সর্বকালের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে মাইনাস ৮৪.৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১০ সালের শীতকালে এটি রেকর্ড হয়। তবে পৃথিবীর ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড রাশিয়ার ভোস্টক স্টেশনের দখলে রয়েছে। ১৯৮৩ সালের জুলাইয়ে সেখানে মাইনাস ৮৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

উপগ্রহের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা জানান, পূর্ব অ্যান্টার্কটিকায় তাপমাত্রা মাইনাস ৯৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৫০ মিটার উঁচুতে বরফের গর্তে এটি ঘটা সম্ভব। গত মার্চ মাসে কনকর্ডিয়ায় তাপমাত্রা ছিল মাইনাস ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১৮ ডিগ্রি বেশি ছিল।