বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর এক সপ্তাহ আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। অনুশীলনের সময় ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন পেসার মাইকেল নেসার। এই চোটের কারণে আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে, ফলে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে তার খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে।

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার টেস্ট দলের সঙ্গে অনুশীলনের সময় ৩৬ বছর বয়সী নেসার এই চোট পান। অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র জানিয়েছেন, এই চোটের কারণে কয়েক সপ্তাহ অনুশীলন কিংবা কোনো ম্যাচে অংশ নিতে পারবেন না তিনি।

ডারউইনে অনুষ্ঠেয় প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড চোট কাটিয়ে ফেরায় নেসারকে রাখা হয়নি। তবে প্রয়োজন হলে পেস আক্রমণে পরবর্তী বিকল্প হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছিল। সর্বশেষ অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টে ১৯ দশমিক ৯৩ গড়ে ১৫ উইকেট নিয়েছিলেন নেসার। সিরিজের মাঝে অন্য কোনো পেসার চোটে পড়লে বা বিশ্রামে গেলে তার দলে ঢোকার সম্ভাবনা ছিল, যা এখন নতুন চোটের কারণে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে বারবার চোটের সমস্যায় পড়েছেন এই অস্ট্রেলিয়ান পেসার। ২০২৪-২৫ মৌসুমে হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোটে তার খেলার সময় কমে গিয়েছিল। এর আগে হ্যাম্পশায়ারের হয়ে খেলার সময়ও পায়ের পেশিতে চোট পেয়েছিলেন তিনি।

তবে অস্ট্রেলিয়া শিবিরে কেবল নেসারই চোট পাওয়া ক্রিকেটার নন। প্রস্তুতি ম্যাচে পিঠের সমস্যায় পড়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস। যদিও প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, প্রথম টেস্টে ইংলিসের খেলা নিয়ে কোনো শঙ্কা নেই।

ম্যাকডোনাল্ড বলেন, ‘তার পিঠের সমস্যা আবার দেখা দিয়েছিল। মাঝেমধ্যে এমন হয়। সমস্যা কমে যাওয়ার পর ধীরে ধীরে তাকে অনুশীলনে ফেরানো হবে। সিরিজে তার খেলার সামর্থ্য নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই।’

আগামী ১২ মাসে সর্বোচ্চ ২১টি টেস্ট খেলার পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়ার। তাই পেস আক্রমণে পর্যাপ্ত বিকল্প রাখা তাদের জন্য জরুরি। স্কট বোল্যান্ড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের বয়স বিবেচনায় নেসারের এই অনুপস্থিতি অস্ট্রেলিয়ার বোলিং গভীরতায় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। নেসারের পরিবর্তে প্রয়োজন হলে ব্রেন্ডন ডগেটকে দলে ডাকা হতে পারে, যিনি গত অ্যাশেজে দুটি টেস্ট খেলেছেন এবং বর্তমানে প্রস্তুতি কার্যক্রমে রয়েছেন।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ আগস্ট ম্যাকেতে শুরু হবে, বাংলাদেশ সময় সকাল ৬টায়।