লক্ষ্মীপুরে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ আগস্ট) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শহর শিবিরের নেতা সারোয়ার হোসেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সমালোচনা করেন। এতে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হট্টগোলের সৃষ্টি হয়।
হট্টগোলের ঘটনায় মিলনায়তনে উপস্থিত অতিথি এবং সাধারণ মানুষের মধ্যে সাময়িক উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তবে দ্রুত হস্তক্ষেপ করে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর ফলে অনুষ্ঠানটি কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরবর্তীতে তা স্বাভাবিকভাবে পরিচালিত হয়।
এই বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, "দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। তবে তেমন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।"