অবিরাম ভারী বর্ষণের ফলে নীলফামারীর ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার অন্তত ১৫টি চর এবং গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে বুধবার সকাল পর্যন্ত কোনো বাড়িঘরে পানি প্রবেশ করেনি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া তথ্যমতে, আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত লালমনিরহাটের দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার। ওই পয়েন্টে বিপৎসীমা নির্ধারিত ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। ফলে পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ডিমলার ডালিয়ায় ১৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
নদীর পানি বাড়ার ফলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, গয়াবাড়ী, খালিশা চাপানী ও ঝুনাগাছ চাপানী এবং জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, "নদীর পানি বাড়লেও এখনো চরাঞ্চলের কোনো বাড়িঘরে পানি ওঠেনি। তবে কিছু রোপা আমনের খেত তলিয়ে গেছে।"
অন্যদিকে, খালিশা চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সহিদুজ্জামান সরকার জানান, "সকাল থেকে পানি বাড়লেও এখন পর্যন্ত বড় কোনো সমস্যা হয়নি। তবে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।"
পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, বৃষ্টিতে তিস্তার পানি বাড়লেও উজানে ভারতের অংশে নদীর পানি এখনো বিপৎসীমার অনেক নিচে রয়েছে। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।"