বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ কর্মসূচি পালনকালে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শাখা ছাত্রশিবিরের সভাপতিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) গেটের বিপরীত পাশে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রশিবির একটি মিছিল বের করলে সেখানে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগ তোলে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা মিছিলটি বন্ধ করার দাবি জানান। এই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুতই হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু বলেন, “আওয়ামী লীগের পেতা আত্মারা জুলাইয়ের এমন প্রোগ্রামে বাধা দিয়েছে। শান্তিকামী ছাত্রজনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে উপাচার্য ও প্রক্টরের সামনেই এমন ঘটনা ঘটেছে।”
অন্যদিকে, শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত অভিযোগ করে বলেন, “শিবিরের কর্মসূচিতে বহিরাগতদের আনা হয়েছিল। তারা আমাদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। জুলাই আন্দোলনের পর এ ধরনের হামলা আমরা প্রত্যাশা করি না। আমি এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।”
প্রতিবেদনটি লেখা পর্যন্ত (বুধবার বেলা সাড়ে ১১টা) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।