ছুটির দিনে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি বড় মাপের উন্মুক্ত কনসার্ট। আজ সোহরাওয়ার্দী উদ্যান এবং মানিক মিয়া অ্যাভিনিউ—এই দুই ভেন্যুতে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় শিল্পীরা।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের যৌথ সহায়তায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে 'কনসার্ট ফর ডেমোক্রেসি'। দুপুর ১টায় গেট খুলে দেওয়া হবে এবং বিকেল ৩টা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান। সর্বসাধারণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত এই কনসার্টে রে-রে ব্যান্ডের উদ্বোধনী পরিবেশনার পর পর্যায়ক্রমে মঞ্চে উঠবেন অ্যাশেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে এবং মাইলস। অনুষ্ঠানের সমাপনী আকর্ষণে থাকছে কিংবদন্তি হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেইজ।
অন্যদিকে, মানিক মিঞা অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টা থেকে শুরু হবে 'বর্ষা বিপ্লবের গান' শীর্ষক এক বিশাল ওপেন-এয়ার কনসার্ট। 'মনসুন কালচারাল অ্যালায়েন্স' ও 'দেশ গড়তে জুলাই জাগরণ'-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মঞ্চে গান গাইবেন জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েডরাফা, কুঁড়েঘর ও নীল। ব্যান্ডের পাশাপাশি এই অনুষ্ঠানে পরিবেশনা রাখবেন পপ তারকা আসিফ আকবর এবং আন্দোলন-খ্যাত র্যাপ গান ‘কথা ক’-এর শিল্পী সেজান।
বিশাল জনসমাগমের কথা বিবেচনা করে ভেন্যুগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।