জুলাই সনদের বাস্তবায়ন এবং গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, "শোকের পাশাপাশি আজ আনন্দ ও বিজয়ের দিন। ১৮ বছর রাজপথ রক্তাক্ত হওয়ার পর আজকের এই দিনে ফ্যাসিবাদের বিদায় হয়েছে।"

অনুষ্ঠানে তিনি দীর্ঘ সময় রাজপথে আন্দোলন করা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিভক্ত না হওয়ার অনুরোধ করেন। এছাড়া তিনি উল্লেখ করেন যে, বিএনপি সরকারের মাধ্যমে দেশে পরিবর্তনের অধ্যায় শুরু হয়েছে।

আহমেদ আযম খান এই সময়ে জুলাইয়ে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, "বাংলাদেশে সংঘটিত গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না।"