জুলাই অভ্যুত্থানের শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৮টায় রাজশাহী মহানগরীর টিকাপাড়া কবরস্থানে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান এবং শহীদ সাকিব আঞ্জুমানের পিতা মো. মাইনুল হক।

কবর জিয়ারত শেষে শহীদ সাকিব আঞ্জুমানের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন রাজশাহী কালেক্টরেট মসজিদের খতিব মাওলানা মো. নাজমুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত সকলে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।