বহুল প্রতীক্ষিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন তিনি। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরটি পরিদর্শনে যান। সেখানে তিনি ফ্যাসিস্টি সরকারের নির্যাতনের প্রমাণ, সংরক্ষিত বিভিন্ন নিদর্শন, ছাত্র-জনতার স্মৃতিবিজড়িত আলোকচিত্র ও গুরুত্বপূর্ণ দলিলসমূহ ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জন্য জাদুঘরটি পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে।
আজকের দিনটি বিশেষ অতিথি এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত করা হবে।
জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।