রাজধানীর শেরেবাংলা নগরে আজ বুধবার (৫ আগস্ট) উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, "উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।" আগামী বৃহস্পতিবার থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলে তিনি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি পরিদর্শন করবেন। এছাড়া সেখানে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো ঘুরে দেখবেন তিনি। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা গণঅভ্যুত্থানের বীরত্বগাঁথা ও আত্মত্যাগের স্মৃতিচারণ করবেন। পাশাপাশি বিজয়ের ইতিহাস ও ঘটনাপ্রবাহের ওপর ভিত্তি করে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।