টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচে হাতে পাওয়া সবুজ ক্যাপকে স্মৃতি হিসেবে ধরে রাখতে দেখা যায় অনেক ক্রিকেটারকে। বাংলাদেশের মুশফিকুর রহিমও ২০ বছরের টেস্ট ক্যারিয়ার পার করেও পরেন সেই পুরোনো ক্যাপই—যেখানে দীর্ঘ অভিজ্ঞতার ছাপ স্পষ্ট।
এই বিশেষ মর্যাদার ‘গ্রিন ক্যাপ’ এবার প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটেও চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ক্রিকেট লিগের আগামী মৌসুম থেকে প্রথম শ্রেণির ক্রিকেটারদের ‘গ্রিন ক্যাপ’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ক্রিকেটারদের প্রথম শ্রেণির ক্রিকেটের গুরুত্ব আরও ভালোভাবে বোঝাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরা প্রথম শ্রেণির ক্রিকেটটা ঢেলে সাজাতে চাচ্ছি। এটার অংশ হিসেবেই এই মৌসুম থেকে প্রথম শ্রেণির ক্রিকেটারদের গ্রিন ক্যাপ দেওয়া হবে।’
তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে; পাশাপাশি সময় সূচিতেও কিছু পরিবর্তন আনা হচ্ছে। এ বিষয়ে একাধিকবার বৈঠক করেছেন বিসিবির কর্মকর্তারা। এই সপ্তাহের মধ্যেই ঘরোয়া ক্রিকেটের নতুন সূচি চূড়ান্ত হওয়ার কথা।
নতুন সূচিতেও আগের মতোই জাতীয় ক্রিকেট লিগ দিয়েই মৌসুম শুরু হবে। মূল টুর্নামেন্টের শুরুর সপ্তাহখানেকের মধ্যে সূচিতে নতুন যোগ হওয়া এনসিএলের মাইনর লিগও শুরু হবে। সভাপতি হওয়ার পর তামিম জানিয়েছিলেন, ইংলিশ কাউন্টি ক্রিকেটের মতো জাতীয় লিগেও প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে একটি মাইনর লিগ করা হবে।
এছাড়া এবারের এনসিএলের মান বাড়াতে প্রতিটি দলে একজন করে বিদেশি ক্রিকেটার রাখতে চায় বিসিবি। এ নিয়ে কয়েকটি বোর্ডের সঙ্গে বিসিবি যোগাযোগ শুরু করেছে বলে জানান সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর।
নিয়মিত সূচির পাশাপাশি এ বছর আরও একটি নতুন টুর্নামেন্ট আয়োজনের চিন্তাও করছে বিসিবি। অনূর্ধ্ব–২৩ ক্রিকেটারদের নিয়ে হবে রাইজিং টাইগার্স টুর্নামেন্ট। এ বছরই এইচপি ভেঙে অনূর্ধ্ব–২৩ জাতীয় দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এই দলের ক্রিকেটার বাছাইয়ে রাইজিং টাইগার্স টুর্নামেন্টের ভূমিকা থাকবে।