জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জহিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (০৪ আগস্ট) তিনি দপ্তরে যোগদান করেন।
তার যোগদান উপলক্ষে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় মহাপরিচালক প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। সভার প্রারম্ভে তিনি উপস্থিত সকল সহকর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানান।
মতবিনিময়কালে মহাপরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, ‘জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি জনগুরুত্বপূর্ণ দপ্তর। জনগণের স্বাস্থ্য সুরক্ষাসহ সন ভোগ্যপণ্য ও সেবা যথাযথভাবে নিশ্চিত করা এ অধিদপ্তরের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।’
তিনি আরও উল্লেখ করেন যে, ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে অস্বাস্থ্যকর খাদ্য এবং ভেজাল দ্রব্যাদি ব্যবহারের প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সবশেষে ভোক্তা স্বার্থ রক্ষা ও সুরক্ষায় তিনি উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং অধিদপ্তরের সামগ্রিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন।