দাবানলের ভয়াবহতায় বিপর্যস্ত মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পাশে দাঁড়িয়েছেন ফুটবল তারকা লিওনেল মেসি। দুর্যোগকবলিত এলাকা পুনর্গঠনের লক্ষ্যে ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা) সহায়তা দিয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন মাদ্রিদ কমিউনিটির প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো।
প্রেসিডেন্ট আয়ুসো জানান, ‘লিও মেসি মাদ্রিদের সিয়েরা ওয়েস্তের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো দান করেছেন। আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই এবং বলতে চাই, আমরা মাদ্রিদবাসী তাঁকে শিগগিরই স্বাগত জানাতে এবং তাঁর প্রাপ্য অভিনন্দন জানাতে মুখিয়ে আছি।’
সাম্প্রতিক ভয়াবহ দাবানলে সিয়েরা ওয়েস্তে অঞ্চলের ১৭টি পৌরসভার প্রায় ৩০ হাজার হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এই চরম বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে মাদ্রিদ কমিউনিটি একটি অনলাইন অনুদান পোর্টাল চালু করেছে, যার মাধ্যমে ব্যাংক ট্রান্সফারসহ বিভিন্ন উপায়ে অর্থ পাঠানো যাচ্ছে।
কেবল অনুদান সংগ্রহই নয়, বরং ক্ষতিগ্রস্ত অঞ্চলের পুনর্গঠনে ৪৩ দফার একটি বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এই পরিকল্পনার আওতায় অবকাঠামো খাতে প্রায় ২ কোটি ইউরো বরাদ্দের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরাসরি সহায়তা এবং করছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খেলার মাঠের বাইরে সামাজিক ও দাতব্যকাজে মেসির সম্পৃক্ততা দীর্ঘদিনের। নিজের প্রতিষ্ঠিত ‘লিও মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে তিনি বিশ্বজুড়ে শিশুস্বাস্থ্য ও শিক্ষা খাতে নিয়মিত অবদান রেখে চলেছেন। এর আগে ২০২০ সালে করোনাভাইরাস মহামারির শুরুতে বার্সেলোনার ক্লিনিক হাসপাতাল ও জন্মশহর রোসারিওর একটি চিকিৎসাকেন্দ্রে ১০ লাখ ইউরো দান করেছিলেন তিনি। ক্যারিয়ারের দীর্ঘ সময় বার্সেলোনায় কাটালেও মানবিক প্রয়োজনে প্রতিদ্বন্দ্বী শহর বা ক্লাবকে কখনোই আলাদা করে দেখেননি এই ফরোয়ার্ড, যার প্রতিফলন দেখা গেল এবারও।