ফরিদপুর জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করে দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে এক দালালকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা গ্রামের বাসিন্দা ফরিদ মোল্লা এক ব্যক্তিকে ভোটার আইডি কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৩ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে ওই ভুক্তভোগীকে সঙ্গে করে তিনি জেলা নির্বাচন অফিসে গেলে তাদের কথাবার্তা ও আচরণে কর্মকর্তাদের সন্দেহ হয়।

সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ভুক্তভোগী টাকা দেওয়ার বিষয়টি প্রকাশ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর নির্বাচন কর্মকর্তারা ফরিদ মোল্লাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভুক্তভোগীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ফরিদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহারুজ্জামান বলেন, "ফরিদ মোল্লার কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি এনআইডি করে দেওয়ার কথা বলে ১৩ হাজার টাকা নেওয়ার বিষয় স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ওই ব্যক্তিকে অফিসে ডেকে এনে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।"