সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশগতভাবে সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অবৈধভাবে প্রবেশের দায়ে পর্যটকবাহী ৬টি হাউসবোটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পরিচালিত এক বিশেষ অভিযানে এই হাউসবোটগুলোকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জানিয়ে ১১ দফার একটি নির্দেশনা জারি করা হয়েছিল। তবে সেই নির্দেশনা অমান্য করে মঙ্গলবার বিকেলে বেশ কিছু হাউসবোট সংরক্ষিত এলাকায় প্রবেশ করে। এ বিষয়ে খবর পেয়ে জেলা প্রশাসনের একটি দল হাওরে বিশেষ অভিযান চালিয়ে ৬টি হাউসবোট আটক করে।

পরবর্তীতে জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং সংশ্লিষ্টদের ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। অভিযানে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। জরিমানা আদায়ের পাশাপাশি হাওরে ভ্রমণকারী অন্যান্য হাউসবোট ও পর্যটকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, "জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ টাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করায় ৬টি হাউসবোটকে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে হাওরের পরিবেশ রক্ষায় পর্যটক ও হাউসবোট সংশ্লিষ্টদের সচেতন করা হয়েছে।"