যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ ২২ ঘণ্টা বিলম্বের পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে ৩১৯ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৭৭ মডেলের (ফ্লাইট বিজি-২৩৫) বিমানটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ঢাকা থেকে আরও যাত্রী নিয়ে ফ্লাইটটি জেদ্দার পথে যাত্রা করে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সূত্রপাত সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে, যখন ফ্লাইটটি সিলেট থেকে জেদ্দার উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নিয়ে রানওয়েতে প্রবেশ করে। তবে রানওয়েতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পাইলট বিমানটি ট্যাক্সিওয়েতে ফিরিয়ে আনেন। এরপর থেকে ওসমানী বিমানবন্দরেই বিমানটির মেরামতের কাজ শুরু হয়। সিলেট ও ঢাকা থেকে আসা প্রকৌশলীদের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ সময় পর বিমানটি পুনরায় চলাচলের উপযোগী করা হয়।
দীর্ঘ ২২ ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকায় ফ্লাইটের ৪১৯ জন যাত্রী চরম ভোগান্তির শিকার হন। যাত্রীদের বড় একটি অংশ ছিলেন ওমরাহযাত্রী। সোমবার রাতে আটকে পড়া যাত্রীদের নগরীর বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হলেও নিম্নমানের খাবার সরবরাহসহ নানা অব্যবস্থাপনার অভিযোগ তোলেন তারা। এই পরিস্থিতি নিয়ে বিমানের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, যান্ত্রিক ত্রুটি পুরোপুরি নিরসন হওয়ার পর মঙ্গলবার বিকেল ৫টা ১০ মিনিটে বিমানটি নিরাপদে ঢাকা হয়ে জেদ্দার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে।