জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু), জবি ইনকিলাব মঞ্চ, ছাত্রশিবির, ছাত্রশক্তি এবং বাম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর শাহবাগ চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটির নেতৃত্বে ছিলেন ইনকিলাব মঞ্চের নবনির্বাচিত আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব ফাতিমা তাসনীম জুমা। মিছিল চলাকালীন নেতাকর্মীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ছাত্রদলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘জগন্নাথের রক্ত, বৃথা যেতে পারে না’, ‘কে বলে রে হাদি নাই, হাদি সারা বাংলায়’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান প্রদান করেন।
ইনকিলাব মঞ্চের দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং আবাসন সংকট নিরসনের মতো কিছু ন্যায্য ও যৌক্তিক দাবির আন্দোলনে ছাত্রদলের সন্ত্রাসীরা ন্যক্কারজনক হামলা চালিয়েছে। এছাড়া পৃথক দুটি ক্যাম্পাসে অতর্কিত হামলা চালানো হয়েছে বলেও তারা জানান।
বিক্ষোভ চলাকালে আব্দুল্লাহ আল জাবের জানান, তারা শান্তিপূর্ণভাবে মিছিলে প্রতিবাদ জানাতে চান। এসময় তিনি মিছিলে অংশগ্রহণকারীদের কারও ‘উসকানি বা পাতা ফাঁদে’ পা না দিতে আহ্বান জানান।