টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি হুমায়ুন তালুকদারকে ভারতে পালানোর সময় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত হুমায়ুন তালুকদার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের আব্দুর রশিদ তালুকদারের ছেলে। পুলিশ নিশ্চিত করেছে যে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান জানান, "ভারতে যাওয়ার জন্য পাসপোর্ট বহিরঙ্গন (আউটগোয়িং) সিল মারার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন ডাটাবেজ সিস্টেমে যাচাই করে দেখা যায় হুমায়ুন তালুকদার কালো তালিকায় (ব্ল্যাকলিস্ট) অন্তর্ভুক্ত।" বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয় বলে তিনি জানান।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অন্তত ৩৫ জন গ্রেপ্তার হয়েছেন।