বাংলাদেশ ও সৌদি আরব তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত ও কৌশলগত পর্যায়ে উন্নীত করতে একমত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের বন্দর, অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।

মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টাও উপস্থিত ছিলেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, “সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।” তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ককে ‘সমন্বিত অংশীদারিত্বে’ উন্নীত করার প্রস্তাব জানান।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের সময় পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন। সংলাপ ও আন্তর্জাতিক আইনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আন্তর্জাতিক নৌবাণিজ্য পথের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে সৌদি নেতৃত্বাধীন মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনে (এমএমডিসি) বাংলাদেশ অংশ নিয়েছে।”

অন্যদিকে, সৌদি ভাইস মিনিস্টার দুই দেশের জনগণের মধ্যকার দৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করে বিনিয়োগ সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের বন্দর, অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সৌদি আরবের বিনিয়োগ আগ্রহের কথা জানান। পাশাপাশি দ্রুত ঢাকায় তৃতীয় পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ সভা এবং ১৫তম বাংলাদেশ-সৌদি যৌথ কমিশনের বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রতি সৌদি আরবের মানবিক ও রাজনৈতিক সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনে সৌদি আরবের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

বৈঠকে নিরাপত্তা, বিনিয়োগ ও বহুপক্ষীয় সহযোগিতার পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচনে সৌদি আরবের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশ পারস্পরিক স্বার্থে দীর্ঘদিনের বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

উল্লেখ্য, সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি বর্তমানে দুই দিনের সরকারি সফরে ঢাকায় অবস্থান করছেন। তার নেতৃত্বে সফররত উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে দুইজন ডেপুটি মিনিস্টারসহ সৌদি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।