রাজধানীর ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই হেলমেট পরিহিত অবস্থায় মাঠে দেখা গেছে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে বিপরীত দিকে অবস্থানরত ছাত্রশিবিরের নেতাকর্মীদের দিকে তেড়ে যান।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত এলাকায় কয়েক দফা উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে যুবদল নেতা নয়নের হেলমেট পরিহিত বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। ওই ছবিগুলোতে দেখা যাচ্ছে, রাস্তার ভিড়ের মধ্যে হেলমেট পরে অবস্থান করছেন রবিউল ইসলাম নয়ন।