পটুয়াখালীর বাউফল উপজেলায় অনবরত বিদ্যুৎ বিভ্রাট এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন সংক্ষুব্ধ গ্রাহকরা। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। তিনি আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনেন এবং শান্ত থাকার আহ্বান জানান। পরবর্তীতে তিনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

এ সময় বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মুজিবুর রহমান চৌধুরী গ্রাহকদের উদ্দেশে বলেন, "উপজেলায় বর্তমানে প্রায় ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। বর্তমানে প্রতিদিন ৬ থেকে ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া সম্ভব হচ্ছে।"

বিদ্যুৎ সংকটের বিষয়টি জাতীয় পর্যায়ের সমস্যা বলে উল্লেখ করে তিনি আরও বলেন, "দ্রুতই এ পরিস্থিতির উন্নতি হবে বলে আমরা আশাবাদী। এ ছাড়া অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।"

অন্যদিকে, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বিদ্যুৎ বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে বলে জানান পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। তিনি বলেন, "কোথাও অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে তা কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।"

ঘটনাস্থলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্মসূচির শুরু থেকেই বাউফল থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত বিদ্যুৎ কর্তৃপক্ষের ইতিবাচক আশ্বাসে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করেন।